চট্টগ্রামে ২৪ ঘণ্টায় মৃত্যু ৬, শনাক্ত ১৩.৪২ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ছয় জন মারা গেছেন। একই সময়ে ১২টি ল্যাবে দুই হাজার ৫৯২টি নমুনা পরীক্ষা করে ৩৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২০২ জনের বাড়ি মহানগর এলাকায় ও ১৪৬ জন ভিন্ন উপজেলার বাসিন্দা।

পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪২ শতাংশ। আজ বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য জানিয়েছে।

সিভিল সার্জন অফিস সূত্র আরও জানায়, উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত রোগীর মধ্যে পাঁচ জনের বাড়ি সাতকানিয়া উপজেলায়। এ ছাড়া, বাঁশখালী উপজেলার নয় জন, আনোয়ারার দুই জন, চন্দনাইশের একজন, পটিয়ার পাঁচ জন, বোয়ালখালীর নয় জন, রাঙ্গুনিয়ার ২৭ জন, রাউজানের ৩৭, ফটিকছড়ির সাত জন, হাটহাজারীর ৩৫ জন, সীতাকুণ্ডের পাঁচ জন ও চার জন মীরসরাই উপজেলার বাসিন্দা।

এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৯৬ হাজার ২০২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মহানগর এলাকার ৭০ হাজার ৪৮২ ও ২৫ হাজার ৭২০ জন উপজেলা পর্যায়ের রোগী রয়েছেন। মহানগর এলাকার ৬৬২ ও উপজেলা পর্যায়ের ৪৯৪ জনসহ মোট এক হাজার ১৫৬ জন মারা গেছেন।