চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ১০৮ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীতে কমেছে করোনায় মৃত্যু ও সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নগরীতে করোনায় আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছেন। একই সময়ে ১৩টি ল্যাবে ১ হাজার ২৭৬টি নমুনা পরীক্ষা করে ১০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬৭ জনের বাড়ি মহানগর এলাকায় ও ৪১ জন ভিন্ন উপজেলার বাসিন্দা।

পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৮ দশমিক ৪৬ শতাংশ। আজ বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য জানিয়েছে।

সিভিল সার্জন অফিস সূত্র আরও জানায়, উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত রোগীর মধ্যে ৭ জনের বাড়ি লোহাগাড়া উপজেলায়। এ ছাড়া, সাতকানিয়া উপজেলার ৭ জন, বাঁশখালী উপজেলার একজন, আনোয়ারার ৪ জন, পটিয়া উপজেলার ১ জন, বোয়ালখালীর ৪ জন, রাউজানের ৬ জন, হাটহাজারীর ১০ জন ও একজন সীতাকুণ্ডের বাসিন্দা।

এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ৫৬০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মহানগর এলাকার ৭২ হাজার ৯৫৮ জন ও ২৭ হাজার ৬০২ জন উপজেলা পর্যায়ের রোগী রয়েছেন। মহানগর এলাকার ৭০০ ও উপজেলা পর্যায়ের ৫৬২ জনসহ মোট এক হাজার ২৬২ জন মারা গেছেন।