চীনের উপহার আরও ১০ লাখ ডোজ টিকা আসছে সন্ধ্যায়

স্টার অনলাইন রিপোর্ট

চীনের উপহার হিসেবে সিনোফার্মের আরও ১০ লাখ ডোজ টিকা আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকায় আসছে।

ঢাকায় চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হাওলং ইয়ান এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

তিনি লিখেছেন, 'বাংলাদেশের মানুষকে চীনের উপহার হিসেবে দেওয়া সিনোফার্মের ১০ লাখ ডোজ টিকার চালান তিয়ানজিং আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজে তোলা হয়েছে।'

'আশা করা হচ্ছে, আজ সন্ধ্যায় সেগুলো ঢাকায় এসে পৌঁছাবে,' যোগ করেন তিনি।

এর আগে, চীন ১১ লাখ ডোজ টিকা বাংলাদেশকে উপহার দিয়েছে।