চুয়াডাঙ্গায় আরও ৬ জনের মৃত্যু শনাক্ত ১৮.১৮ শতাংশ
চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় আরও ছয় জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় দুই জন ও উপসর্গ নিয়ে তিন জন মারা গেছেন। একই সময়ে ২০৯টি নমুনা পরীক্ষায় ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ১৮ শতাংশ।
আজ রোববার চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, নতুন শনাক্ত হওয়া ৩৮ জনের মধ্যে সদর উপজেলার ১৬ জন, আলমডাঙ্গা উপজেলার ছয় জন, দামুড়হুদার ছয় জন ও জীবননগরে আট জন রয়েছে। এ ছাড়াও, গত ২৪ ঘণ্টায় জেলায় সুস্থ হয়েছেন ৫২ জন।
'চুয়াডাঙ্গা সদর হাসপাতালের রেড জোনে তিন জন ও হলুদ জোনে তিন জনের মৃত্যু হয়েছে' উল্লেখ করে তিনি বলেন, 'আজ সকাল পর্যন্ত জেলায় করোনায় মৃতের সংখ্যা ১৯৬ জন এবং আক্রান্তের সংখ্যা ছয় হাজার ৩১৪ জন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন চার হাজার ৪১৭ জন।'
বর্তমানে জেলায় হাসপাতালের আইসোলেশনে রয়েছেন ৭৫ জন এবং বাড়িতে রয়েছেন এক হাজার ৫২৬ জন।