টিকা পেলেন পদ্মা সেতুর ৩ শতাধিক দেশি শ্রমিক
পদ্মা সেতু প্রকল্পের শরিয়তপুরের জাজিরা প্রান্তে কর্মরত তিন শতাধিক দেশি শ্রমিককে টিকা দেওয়া হয়েছে। চীনা কোম্পানি সিনোহাইড্রোর বাংলাদেশি কর্মচারী ও শ্রমিকদের সিনোফার্মের এই টিকা দেওয়া হয়।
আজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত শরিয়তপুরের জাজিরা প্রান্তের পদ্মা সেতুর সার্ভিস এরিয়া-২'র ভেতরের স্বাস্থ্যকেন্দ্রে সেতু কর্তৃপক্ষ, জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেডের সার্বিক তত্ত্বাবধানে এ টিকা কর্মসূচি চলে।
পদ্মা সেতুর সিনিয়র পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. এমএইচ ফারুকী এ তথ্য দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় এনে শুধু জাজিরা প্রান্তের প্রায় তিন শতাধিক শ্রমিককে টিকা দেওয়া হয়েছে। অনেকের জাতীয় পরিচয় নেই, আবার অনেকেরটা ত্রুটিপূর্ণ। ধাপে ধাপে পরিস্থিতি বুঝে বাকিদেরকেও টিকা দেওয়া হবে। মাওয়া প্রান্তের শ্রমিকদেরকেও টিকা দেওয়ার পরিকল্পনা আছে। সেনাবাহিনীর সদস্যরা একটি ক্যাম্প স্থাপন করেছেন। সেখানে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১২ জনের একটি স্বাস্থ্যকর্মীর দল ও পদ্মা সেতুর স্বাস্থ্যকর্মীরা একত্রিত হয়ে এ টিকাদান কার্যক্রমটি পরিচালনা করছে।'
টিকাদান কার্যক্রমটির উদ্বোধনে উপস্থিত ছিলেন সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আবদুল কাদের ও ৯৯ কম্পোজিট ব্রিগেডের পক্ষে লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী প্রমুখ।