দেশে আসলো কোভ্যাক্সের অতি নিম্ন তাপমাত্রার ২৬ ফ্রিজার

স্টার অনলাইন রিপোর্ট

করোনাভাইরাসের টিকা সংরক্ষণের জন্য অতি নিম্ন তাপমাত্রার ২৬টি ফ্রিজার দেশে এসেছে।

আজ বুধবার ইউনিসেফ বাংলাদেশের ভ্যারিফায়েড ফেসবুক পেইজে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কোভ্যাক্স সুবিধার আওতায় এই ফ্রিজারগুলো দেওয়া হয়েছে বাংলাদেশকে। এই ২৬টি ফ্রিজারে প্রায় ৯০ লাখ টিকা সংরক্ষণ করা যাবে।

মূলত, ফাইজারের টিকা সংরক্ষণ করতে মাইনাস ৬০ থেকে ৭০ সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন হয়। এই ফ্রিজার পাওয়ায় কোভ্যাক্স সুবিধার আওতায় পাওয়া ফাইজার টিকা সংরক্ষণে সুবিধা পাবে বাংলাদেশ।

এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ও করোনা টিকা বিতরণ কমিটির সদস্য সচিব শামসুল হক বলেন, 'আমরা ২৪টি ফ্রিজার ইতোমধ্যে হাতে পেয়েছি, আজ আরও দুটি পাব।'