দ্বিতীয় ডোজের গণটিকাদান কর্মসূচি চলছে
সারা দেশে চলছে গণটিকাদান কর্মসূচির দ্বিতীয় পর্ব। গত মাসের ৭ থেকে ১২ তারিখ পর্যন্ত চলা প্রথম ডোজের ভ্যাকসিন যারা গ্রহণ করেছিলেন, তারা আজ থেকে দ্বিতীয় ডোজের টিকা নিতে পারবেন।
আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে সারা দেশে দ্বিতীয় ডোজের গণটিকাদান কর্মসূচি শুরু হয়েছে। চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত।
করোনা টিকা কার্যক্রম ব্যবস্থাপনার দায়িত্বে স্বাস্থ্য অধিদপ্তরের মাতৃ ও শিশুস্বাস্থ্য কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত টিকাদান কর্মসূচি চলবে।
গত ৭ থেকে ১২ আগস্ট ২৫ বছর থেকে তদুর্ধ্ব ৩৪ লাখ মানুষকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছিল। একই কেন্দ্রে, একইভাবে সারা দেশে স্থাপিত প্রায় ছয় হাজার কেন্দ্র মানুষ দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নিতে পারবেন।
ডা. শামসুল হক আরও বলেন, সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত প্রথম দুই ঘণ্টা বয়স্ক, নারী ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার দেওয়া হবে।
ভাষানটেক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের দায়িত্বে থাকা এস এম জয়নাল আবেদীন দ্য ডেইলি স্টারকে বলেন, 'এই কেন্দ্রে আজ ৩৫০ জনকে দ্বিতীয় ডোজের ভ্যাকসিন দেওয়া হবে। আমরা দুপুর ৩টা পর্যন্ত টিকা প্রয়োগের কার্যক্রম পরিচালনা করবো। টিকা নেওয়ার পর কেউ অসুস্থ হয় কি না তা দেখার জন্য এবং কেউ অসুস্থ হলে তাদের চিকিৎসা দেওয়ার জন্য পরবর্তী আরও এক ঘণ্টা এখানে অবস্থান করবো।'