২ ডোজ টিকা, নেগেটিভ সনদ থাকলে দ. আফ্রিকা থেকে আসাদের ১৪ দিন কোয়ারেন্টিন
দক্ষিণ আফ্রিকা থেকে কেউ বাংলাদেশে এলে বাধ্যতামূলক ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে বলে জানিয়েছন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
আজ বৃহস্পতিবার বিকেলে সিলেটের সালুটিকর এলাকায় উন্নয়ন সংস্থা ক্যাপ ফাউন্ডেশনের 'অরফান ভিলেজ' উদ্বোধনকালে তিনি এ কথা বলেছেন।
করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে বাংলাদেশের সতর্কতার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'যাদের দুই ডোজ ভ্যাকসিন নেওয়া আছে এবং টেস্ট রিপোর্ট নেগেটিভ, তাদেরকে পাস দেওয়া হবে। কিন্তু তাদের ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে।'
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, 'দক্ষিণ আফ্রিকা ও আশেপাশের দেশগুলোতে যারা আছেন তাদের দেশে আসার বিষয়ে নিরুৎসাহিত করার জন্য সবগুলো মিশনকে বলে দেওয়া হয়েছে।'
'তবে বাংলাদেশও প্রস্তুত আছে। এটা সমস্যা হবে না,' বলেন তিনি।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'ভারতের প্রজাতন্ত্র দিবসে বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন কিনা, তা এখনো নিশ্চিত নয়। আগামী ১০ ডিসেম্বর ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।'