নীলফামারীতে ৩ শিক্ষক করোনায় আক্রান্ত, স্কুল বন্ধ ঘোষণা
নীলফামারীর জলঢাকা উপজেলার গোলনা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ৩ শিক্ষক করোনায় আক্রান্ত হওয়ায় বিদ্যালয়টি ২ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শুক্রবার সন্ধ্যায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আক্রান্ত ৩ শিক্ষক তাদের নিজ বাড়িতে চিকিৎসাধীন।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক আল আহসান জাহেদ নওরজী বলেন, অসুস্থ বোধ গত বুধবার একজন শিক্ষক ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষা করাতে দেন। তাতে তার করোনা পজিটিভ আসে। বৃহস্পতিবার আরও দুজন শিক্ষক একই স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষা করান। তাদেরও করোনা পজিটিভ আসে। যে কারণে আমরা আগামী ২ দিন স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। এই সময়ের মধ্যে আমরা সব শিক্ষক-কর্মচারীর করোনা পরীক্ষা করাবো। আর কেউ আক্রান্ত না থাকলে স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হবে। যদি আক্রান্তের সংখ্যা বেশি হয় তাহলে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।