নোয়াখালীতে ২৪ ঘণ্টায় শনাক্ত ২৯.৭৪ শতাংশ, মৃত্যু ৪

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চার জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৬৩২টি নমুনা পরীক্ষা করে ১৮৮ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ২৯ দশমিক ৭৪ শতাংশ।

আজ রোববার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় এসব তথ্য নিশ্চিত করেছে।

সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৩২৯ জনে। মোট আক্রান্তের হার ১৪ দশমিক ৬৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় আক্রান্ত হয়ে সেনবাগ উপজেলায় দুই জন, চাটখিলে একজন এবং হাতিয়ায় একজনসহ মোট চার জনের মৃত্যু হয়েছে। জেলায় এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০৩ জনে। এরমধ্যে সদর উপজেলায় মারা গেছেন ৩৬ জন, সুবর্ণচরে ছয় জন, হাতিয়ায় তিন জন, বেগমগঞ্জে ৬৩ জন, সোনাইমুড়ীতে ১৬ জন, চাটখিলে ২৫ জন, সেনবাগে ২৭ জন, কোম্পানীগঞ্জে চার জন এবং কবিরহাটে ২৩ জন। মৃত্যুর হার এক দশমিক ১৭ শতাংশ।

সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৪৬ জন, সুবর্ণচরে দুই জন, হাতিয়ায় একজন, বেগমগঞ্জে ২৫ জন, সোনাইমুড়ীতে ৫৮ জন, চাটখিলে ১৯ জন, সেনবাগে ৩২ জন, কোম্পানীগঞ্জে দুই জন, কবিরহাটে তিন জন আছেন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১১ হাজার ৫৭৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৬ দশমিক ৮১ শতাংশ।

এদিকে, আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা পাঁচ হাজার ৫৪৯ জন। কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি আছেন ৯৩ জন।