পুলিশের এসআইকে দুই ধরনের দুই ডোজ টিকা দেওয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার

হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলায় পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) করোনার দুই ধরনের দুই ডোজ টিকা দেওয়ার অভিযোগ উঠেছে।

আজ শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে এ ঘটনা ঘটে। এজন্য স্বাস্থ্যকর্মীর অবহেলাকে দায়ী করেছেন ওই পুলিশ কর্মকর্তা।

উপজেলার কাকাইলছেও নৌ-পুলিশ ফাঁড়িতে কর্মরত উপ-পরিদর্শক বিদ্যুৎ কুমার দাশ দ্য ডেইলি স্টারকে জানান, গত ১১ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে তাকে অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ডের প্রথম ডোজ টিকা দেওয়া হয়। এরপর অ্যাস্ট্রাজেনেকা টিকার সংকট দেখা দিলে তিনি নির্দিষ্ট সময়ে দ্বিতীয় ডোজ নিতে পারেননি। সম্প্রতি এই টিকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মজুদ হওয়ার পর শনিবার তিনি টিকা নিতে যান। সেখানে কর্তব্যরত স্বাস্থ্যকর্মী জ্যোৎস্না বিশ্বাসকে তিনি অ্যাস্ট্রাজেনেকার টিকা দিতে বলেন। কিন্তু স্বাস্থ্যকর্মী তাকে দিয়ে দেন সিনোফার্মের ভেরোসেল।

এ ঘটনায় বেশ দুশ্চিন্তায় আছেন বলে জানিয়েছেন তিনি।

আজমিরিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, 'দুই ধরনের টিকার দুই ডোজ নেওয়া ব্যক্তির কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হবে কি না, সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।'

হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল বলেন, 'একজনকে দুই ধরনের দুই ডোজ টিকা দেওয়ার নির্দেশনা দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ ঘটনায় খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।'