ফরিদপুরে ২৪ ঘণ্টায় মৃত্যু ২, শনাক্ত ২১.৫১ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় একজন ও উপসর্গে একজন মারা গেছেন। একই সময়ে ২৩৭টি নমুনা পরীক্ষায় ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ৫১।

আজ শুক্রবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছে।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান ডেইলি স্টারকে বলেন, 'গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদের বাড়ি ফরিদপুর।'

'গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে ১১ জন ভর্তি হয়েছেন' উল্লেখ করে তিনি আরও বলেন, 'করোনা ডেডিকেটেড হাসপাতালটিতে বর্তমানে ৮৬ জন চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে করোনা রোগী ৬১ জন।'

ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান ডেইলি স্টারকে বলেন, 'বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবে ২২০ জনের নমুনা পরীক্ষায় ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোয় র‌্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে ১৭ জনের নমুনা পরীক্ষা করে দুই জনের করোনা শনাক্ত হয়েছে।'

পিসিআর ল্যাবের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ৪৯ জনের মধ্যে ভাঙ্গায় ১৬, বোয়ালমারীতে এক, নগরকান্দায় তিন, মধুখালীতে ১০, সদরপুরে এক, সালথায় এক ও ফরিদপুর সদরে ১৭ জন।

এ নিয়ে পিসিআর ল্যাবের মাধ্যমে ফরিদপুরে মোট ২০ হাজার ৮৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে।