ফরিদপুরে ২৪ ঘণ্টায় মৃত্যু ৮, শনাক্ত ২৪.৬৯ শতাংশ
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় পাঁচ জন ও উপসর্গে তিন জন মারা গেছেন। একই সময়ে ১৬৬টি নমুনা পরীক্ষায় ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৪ দশমিক ৬৯ শতাংশ।
আজ শনিবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছে।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান ডেইলি স্টারকে বলেন, 'গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মারা যাওয়া আট জনের মধ্যে পাঁচ জন করোনা শনাক্ত হয়ে এবং তিন জন উপসর্গ নিয়ে মারা গেছেন। মৃত আট জনের মধ্যে ফরিদপুরের পাঁচ, রাজবাড়ীর, গোপালগঞ্জ ও মাগুড়ার একজন করে আছেন। করোনা শনাক্ত হয়ে মারা যাওয়া পাঁচ জনের মধ্যে ফরিদপুরের তিন জন, রাজবাড়ী ও মাগুড়ার একজন করে আছেন।'
'করোনা শনাক্ত হয়ে মারা গেছেন ফরিদপুর সদর উপজেলার শেখ সোরয়ার (৬২), বোয়ালমারি উপজেলার নুর মোহাম্মদ (৬৫) ও সালথা উপজেলার সিদ্দিক শেখ (৭৫), রাজবাড়ীর কালুখালী উপজেলার পূর্ণিমা শেখ (৭০) এবং মাগুড়ার শ্রীপুর উপজেলার ইভা বেগম (২৪)', যোগ করেন তিনি।
'গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে ১২ জন ভর্তি হয়েছেন' উল্লেখ করে সাইফুর রহমান বলেন, 'করোনা ডেডিকেটেড হাসপাতালটিতে বর্তমানে ৭৭ জন চিকিৎসাধীন। তাদের মধ্যে করোনা রোগী ৪৯ জন।'
ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান ডেইলি স্টারকে বলেন, 'বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১৬৬ জনের নমুনা পরীক্ষায় ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে।'
পিসিআর ল্যাবের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ৪১ জনের মধ্যে ভাঙ্গায় পাঁচ, নগরকান্দায় পাঁচ, মধুখালীতে নয়, সদরে ২০, চরভদ্রাসন ও ফরিদপুর সদরে একজন করে আছেন। এ নিয়ে পিসিআর ল্যাবের মাধ্যমে ফরিদপুরে মোট ২০ হাজার ৮৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
জেলায় এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৫০৯ জনের।