ফরিদপুরে ২৪ ঘণ্টায় শনাক্ত ৩০.৮০ শতাংশ, মৃত্যু ৩
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে তিন জন মারা গেছেন। একই সময়ে ২৩৭টি নমুনা পরীক্ষায় ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩০ দশমিক ৮০।
আজ সোমবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছে।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মারা যাওয়া সবাই উপসর্গ নিয়ে মারা গেছেন। মৃত তিন জনের মধ্যে ফরিদপুরের একজন এবং গোপালগঞ্জের দুই জন।'
'গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে ১৯ জন ভর্তি হয়েছেন' উল্লেখ করে বলেন, 'করোনা ডেডিকেটেড হাসপাতালটিতে বর্তমানে ৭৩ জন চিকিৎসাধীন। তাদের মধ্যে করোনা রোগী ৫৩ জন।'
ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবে ২৩৭ জনের নমুনা পরীক্ষায় ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। অন্যদিকে, ২০টি অ্যান্টিজেন পরীক্ষা করে মোট চার জনের করোনা শনাক্ত হয়েছে।'
তিনি আরও জানান, পিসিআর ল্যাবের তথ্য অনুযায়ী নতুন করোনা শনাক্ত ৬৯ জনের মধ্যে আলফাডাঙ্গায় একজন, ভাঙ্গায় তিন জন, বোয়ালমারীতে দুই জন, নগরকান্দায় নয় জন, মধুখালীতে সাত জন, সদরপুরে একজন, সালথায় একজন এবং সদরে ৪৫ জন। এ নিয়ে পিসিআর ল্যাবের মাধ্যমে ফরিদপুরে মোট ২০ হাজার ৯৬১ জনের করোনা শনাক্ত হয়েছে।