ফরিদপুরে ২৪ ঘণ্টায় শনাক্ত ৩৮.০২ শতাংশ, মৃত্যু ৭
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ৩১৩টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত আরও ১১৯ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৮ দশমিক ০২ শতাংশ। একই সময়ে করোনায় ও উপসর্গ নিয়ে মারা গেছেন আরও সাত জন।
আজ শনিবার জেলা সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ নিয়ে জেলায় এখন পর্যন্ত ১৯ হাজার ৭৭২ জনের করোনা শনাক্ত হয়েছে।
জেলার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সেখানে করোনায় ও উপসর্গ নিয়ে সাত জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চার জনের করোনা পজিটিভ ও তিন জন উপসর্গ নিয়ে মারা গেছেন।
হাসপাতালটির পরিচালক সাইফুর রহমান ডেইলি স্টারকে জানান, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২২৪ জন। এর মধ্যে ১৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৮ জন।