ফরিদপুরে ২৪ ঘণ্টায় শনাক্ত ৪৮.৯৭ শতাংশ, মৃত্যু ৮
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ৪৩৭টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত আরও ২১৪ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪৮ দশমিক ৯৭ শতাংশ। একই সময়ে করোনায় ও উপসর্গ নিয়ে মারা আট জন।
আজ শনিবার জেলা সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া আট জনের মধ্যে ছয় জন করোনা পজিটিভ ও দুই জন উপসর্গ নিয়ে মারা গেছেন। তাদের মধ্যে পাঁচ জন ফরিদপুরের, দুই জন মাগুরার ও একজন পটুয়াখালীর। এ পর্যন্ত জেলায় ১৮ হাজার ৯১৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান ডেইলি স্টারকে বলেন, 'করোনা ডেডিকেটেড হাসপাতালে বর্তমানে ৩২৪ জন রোগী চিকিৎসাধীন। এর মধ্যে ২৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪২ জন এবং সুস্থ হয়েছেন ৪৩ জন।'