ফরিদপুর মেডিকেলে ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, ২৪ ঘণ্টায় জেলায় নতুন আরও ১৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ৩৪ দশমিক ৯৫ শতাংশ।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে আট জন ও করোনার উপসর্গ নিয়ে পাঁচ জন মারা গেছেন। তাদের মধ্যে ফরিদপুরের আছেন নয় জন, রাজবাড়ীর তিন জন ও মাগুরার একজন।
আজ বুধবার হাসপাতালের পরিচালক সাইফুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, বর্তমানে হাসপাতালে ২৬১ জন চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ১৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে ৩৩ জন নতুন করে ভর্তি হয়েছেন বলে জানান তিনি।
ফরিদপুর জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় পিসিআর ল্যাবে ৪৩২ জনের নমুনা পরীক্ষা করে ১৫৭ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া, র্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে ৪০ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনা শনাক্ত হয়।
জেলা সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, এ জেলায় এ পর্যন্ত ১৯ হাজার ৪১৬ জনের করোনা শনাক্ত হয়েছে।