ফরিদপুর মেডিকেলে ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ছয় জন ও করোনার উপসর্গ নিয়ে আট জনের মৃত্যু হয়েছে। এছাড়া, জেলায় ২৪ ঘণ্টায় আরও ১১১ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ৩০ শতাংশ।
আজ সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে মৃতদের মধ্যে ফরিদপুরের আছেন নয় জন, রাজবাড়ীর চার জন ও মাগুরার একজন।
এদিকে, ফরিদপুর জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় পিসিআর পরীক্ষার ল্যাবের মাধ্যমে ৩৩০ জনের মধ্যে ১০৪ জন এবং র্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে ৪০ জনের পরীক্ষা করে সাত জনের করোনা শনাক্ত হয়েছে।
এ নিয়ে ফরিদপুরে এ পর্যন্ত ১৯ হাজার ৯২ জনের করোনা শনাক্ত হয়েছে।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে ২৯১ জন। তাদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২৩২ জনের।'
হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৩৩ জন ভর্তি হয়েছেন বলেও জানান তিনি।