বাংলাদেশে থাকা রোহিঙ্গা ও স্থানীয়দের জন্য টিকা পাঠানোর আশ্বাস কানাডার

স্টার অনলাইন রিপোর্ট

বাংলাদেশের কক্সবাজার ও টেকনাফে আশ্রয় নেওয়া রোহিঙ্গা ও স্থানীয়দের জন্য টিকা পাঠাতে বাংলাদেশের অনুরোধ বিবেচনা করার আশ্বাস দিয়েছে কানাডা।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এবং কানাডার আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী কারিনা গোল্ডের মধ্যে গত মঙ্গলবার এক ভার্চুয়াল বৈঠকের সময় এই আশ্বাস দেওয়া হয়।

পররাষ্ট্রমন্ত্রী কোভ্যাক্স হিউম্যানিটারিয়ান বাফারের সহ-সভাপতি কারিনা গোল্ডকে কোভ্যাক্স এবং দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে বাংলাদেশে রোহিঙ্গা ও স্থানীয় বাসিন্দাদের জন্য টিকা সরবরাহের বিষয়টি বিবেচনা করার আহ্বান জানান।

কারিনা গোল্ড জানান, এলডিসি-৫ সম্মেলনের প্রস্তুতি প্রক্রিয়ায় উভয় দেশ সহ-সভাপতি হওয়ায় একসঙ্গে কাজ করার একটি ভালো সুযোগ তৈরি হয়েছে।

কারিনা গোল্ড জানান, কানাডা এখন পর্যন্ত কোভ্যাক্সে ৫৪৫ মিলিয়ন ডলার এবং ৩০ মিলিয়ন উদ্বৃত্ত ডোজ সরবরাহ করেছে।

কানাডা বাস্তুচ্যুত রোহিঙ্গা এবং স্থানীয় বাসিন্দাদের জন্য টিকা সরবরাহে বাংলাদেশের অনুরোধকে যথাযথভাবে বিবেচনা করবে বলে আশ্বাস দেন তিনি।