মমেক করোনা ইউনিটে ১৭ জনের মৃত্যু, শনাক্ত ১৫.৯৩ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনা আক্রান্তে নয় জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন আট জন।

মৃতদের মধ্যে ময়মনসিংহের ১১ জন, নেত্রকোণার তিন জন, শেরপুর, গাজীপুর ও সিরাজগঞ্জের একজন করে আছেন।

করোনা আক্রান্তে মৃতরা হলেন, ময়মনসিংহ সদরের হামিদা (৬১), জরিনা (৩৫), তাপস (২২), গফরগাঁও উপজেলার রিয়াজুদ্দিন (৭৫), রুবেল (৪০), ত্রিশাল উপজেলার মুরশিদা (৫০), মুক্তাগাছা উপজেলার হাসান আলী (৮০), নেত্রকোণা সদরের শাহজাদা (৬৫) এবং পূর্বধলা উপজেলার ফরিদা (৫৩)।

এ ছাড়া, সন্দেহজনক উপসর্গ নিয়ে মারা গেছেন ময়মনসিংহ সদরের হাজী দেওয়ান (১০১), ফরিদা বেগম (৬৭), সুফিয়া (৬৫), মুক্তাগাছা উপজেলার ইউসুফ আলী (৬০), নেত্রকোণা সদরের মালেহা (৬০), শেরপুর সদরের আব্দুল মতিন (৫০), গাজীপুর শ্রীবর্দীর তাসলিমা (২৫) এবং সিরাজগঞ্জ সদরের ফজলা (৫০)।

এ তথ্য নিশ্চিত করে করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৪০ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৪২০ জন এবং আইসিউতে ২২ জন চিকিৎসাধীন। সুস্থ হয়েছেন ৭৬ জন।

ময়মনসিংহের সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৩০৫টি নমুনা পরীক্ষায় আরও ২০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৫ দশমিক ৯৩ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১৭ হাজার ৬৬২ জন। সুস্থ হয়েছেন ১২ হাজার ৯৩৮ জন।