মমেক করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় মৃত্যু ৪, শনাক্ত ৭ শতাংশ
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমেক) ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি। তবে এদিন করোনা উপসর্গে ৪ জন মারা গেছেন।
এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ৭৮ জনের মৃত্যু হয়েছে।
এর আগে, করোনা ও উপসর্গে জুলাই মাসে ৪৮২ জন এবং আগস্ট মাসে ৪১৯ জনের মৃত্যু হয়েছিল এই হাসপাতালে। গতকাল সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ময়মনসিংহ সদরের তোফাজ্জল হোসেন (৫০), নান্দাইল উপজেলার আয়শা (৫০), ত্রিশালের গেনু খাতুন (৫৫) এবং মুক্তাগাছার হালিমা (২৮) করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।
করোনা ইউনিটের ফোকাল পারসন মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১৪ জন ভর্তিসহ সোমবার সকাল পর্যন্ত ৯৬ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিইউতে ১২ জন চিকিৎসাধীন। এ ছাড়া, রোববার সুস্থ হয়ে ২৩ জন হাসপাতাল ছেড়ে গেছেন এবং ১২৪ জন ওয়ানস্টপ ফ্লু কর্নারে সেবা নিয়েছেন।
ময়মনসিংহের সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩৫৬টি নমুনা পরীক্ষায় ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৭ শতাংশ। সোমবার সকাল পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৭৭২ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ৫৯৯ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট ২৮৬ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ৮৮১ জন হোম আইসোলেশনে আছেন।