মমেক করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় মৃত্যু ৫, শনাক্ত ৭.৭৮ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে চার জন মারা গেছেন। মৃতদের মধ্যে ময়মনসিংহ জেলার চার জন এবং নেত্রকোণা জেলার একজন আছেন।

করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ময়মনসিংহ সদরের মোমেনা খাতুন (৯৫)। এ ছাড়াও, ময়মনসিংহ সদরের হোসনে আরা (৫৯), চম্পা (৫০), ঈশ্বরগঞ্জ উপজেলার সাইদুল ইসলাম (৪৫) এবং নেত্রকোণার পূর্বধলা উপজেলার সেতু (২৪) করোনা উপসর্গ নিয়ে মারা যান।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ২৩ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৪২ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিউতে সাত জন চিকিৎসাধীন। এ ছাড়া, সুস্থ হয়ে ১৮ জন হাসপাতাল ছেড়ে গেছেন।

ময়মনসিংহের সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩৯৮টি নমুনা পরীক্ষায় ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার সাত দশমিক ৭৮ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৩৪৯ জন এবং সুস্থ হয়েছেন ১৯ হাজার ৭৩৯ জন।