মমেক করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ

ময়মনসিংহে ক্রমেই কমে আসছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে।

এদের মধ্যে করোনা আক্রান্তে একজন ও উপসর্গ নিয়ে চার জন মারা যান। মৃতদের মধ্যে ময়মনসিংহ জেলার চার জন এবং নেত্রকোণা জেলার একজন আছেন।

গতকাল সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দুই জন নারী ও তিন জন পুরুষ।

করোনা আক্রান্তে মৃত ব্যক্তি হলেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার শামসুদ্দিন (৯৫)। এ ছাড়া, ময়মনসিংহ সদরের দিলরুবা (১৪), গফরগাঁও উপজেলার জাফর উল্লাহ (৫৮), ত্রিশাল উপজেলার আয়েশা (৭৮) এবং নেত্রকোণার কমলাকান্দা উপজেলার গিয়াস উদ্দিন (৭৩) করোনা উপসর্গ নিয়ে মারা যান।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ২১ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৪৯ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিউতে নয় জন চিকিৎসাধীন। সুস্থ হয়ে ১৬ জন হাসপাতাল ছেড়ে গেছেন।

ময়মনসিংহের সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৬৭৯টি নমুনা পরীক্ষায় ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার সাত দশমিক ২১ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ২৬১ জন এবং সুস্থ হয়েছেন ১৯ হাজার ৩২২ জন। এ পর্যন্ত জেলায় মোট মৃত্যু হয়েছে ২৭৩ জনের।