মমেক হাসপাতালের করোনা ইউনিটে আজও মৃত্যু ৮
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আট জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই জন করোনায় আক্রান্ত ছিলেন। বাকিদের করোনা সংক্রমণের উপসর্গ দেখা দিয়েছিল।
আজ রোববার সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মো. মহিউদ্দিন খান মুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, করোনায় মারা যাওয়া দুই জনই ময়মনসিংহের বাসিন্দা। উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয় জনের মধ্যে তিন জনের বাড়ি ময়মনসিংহে, দুই জন নেত্রকোণা ও একজনের বাড়ি গাজীপুরে।
হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৬ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন। আজ সকাল পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি ছিলেন ১৮৬ জন। এর মধ্যে ১৫ জনকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে— বলেন ডা. মহিউদ্দিন।