মমেক হাসপাতালের করোনা ইউনিটে আজ মৃত্যু ১০
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চার জন করোনায় আক্রান্ত ছিলেন। বাকিদের করোনার উপসর্গ দেখা দিয়েছিল।
আজ বুধবার সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মো. মহিউদ্দিন খান মুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও বলেন, করোনায় মারা যাওয়া চার জনের মধ্যে দুই জন ময়মনসিংহের বাসিন্দা। এ ছাড়া, একজন জামালপুর ও একজনের বাড়ি নেত্রকোণায়। উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয় জনের মধ্যে চার জনের বাড়িই ময়মনসিংহে। একজন সুনামগঞ্জ ও একজন নেত্রকোণার বাসিন্দা।
হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৪ জন। হাসপাতালে মোট ভর্তি আছেন ৩০৪ জন। এর মধ্যে ২২ জনকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে— বলেন ডা. মহিউদ্দিন।