মমেক হাসপাতালের করোনা ইউনিটে আজ মৃত্যু ৫

নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চার জন করোনায় আক্রান্ত ছিলেন। বাকি একজন করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে মারা গেছেন।

আজ মঙ্গলবার সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মো. মহিউদ্দিন খান মুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনায় মারা যাওয়া চার জনের মধ্যে তিন জনের বাড়িই ময়মনসিংহে। অন্য জনের বাড়ি শেরপুরে। গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে গাজীপুরের একজন মারা গেছেন।

হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২০ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ জন। আজ সকাল পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি ছিলেন ১৯২ জন। এর মধ্যে ১৩ জনকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে— বলেন ডা. মহিউদ্দিন।

জেলা সিভিল সার্জন নজরুল ইসলাম জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ৭৮৬টি নমুনা পরীক্ষা করে ১৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ৯৫ শতাংশ। গতকাল পর্যন্ত জেলায় মোট শনাক্ত রোগী ছিলেন ২০ হাজার ৩৯০ জন। সুস্থ হয়েছেন ১৭ হাজার ৩৭২ জন। এ পর্যন্ত মারা গেছেন ২৫৮ জন। বর্তমানে দুই হাজার ৬৬৬ জন আইসোলেশনে রয়েছেন।