মমেক হাসপাতালের করোনা ইউনিটে আজ মৃত্যু ৬

নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ছয় জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিন জন করোনায় আক্রান্ত ছিলেন। বাকিদের করোনা সংক্রমণের উপসর্গ দেখা দিয়েছিল।

আজ শুক্রবার সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মো. মহিউদ্দিন খান মুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনায় মারা যাওয়া তিন জনের মধ্যে একজন ময়মনসিংহ, একজন নেত্রকোণা ও একজন জামালপুরের বাসিন্দা। উপসর্গ নিয়ে মারা যাওয়া দুই জনের বাড়ি জামালপুরে ও একজনের ময়মনসিংহে।

হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ জন। আজ সকাল পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি ছিলেন ১৭৬ জন। এর মধ্যে ১৫ জনকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে— বলেন ডা. মহিউদ্দিন।

জেলা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহে ৪৮৬টি নমুনা পরীক্ষা করে ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ময়মনসিংহ সদর উপজেলা ১৮ জন, নান্দাইলের একজন, ঈশ্বরগঞ্জের একজন, ফুলপুরের দুই জন, হালুয়াঘাটের একজন, মুক্তাগাছার ১২ জন, ফুলবাড়িয়ায় একজন, ত্রিশালের ১৩ জন, ভালুকার ছয় জন ও একজন গফরগাঁওয়ের বাসিন্দা। ময়মনসিংহ জেলায় এ পর্যন্ত মোট ২০ হাজার ৭২১ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১৭ হাজার ৯০৪ জন।