মমেক হাসপাতালের করোনা ইউনিটে আজ মৃত্যু ৭

নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় সাত জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চার জন করোনায় আক্রান্ত ছিলেন। বাকিদের করোনা সংক্রমণের উপসর্গ দেখা দিয়েছিল।

আজ বৃহস্পতিবার সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মো. মহিউদ্দিন খান মুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনায় মারা যাওয়া চার জনের মধ্যে তিন জনের বাড়িই ময়মনসিংহে। অন্য জন জামালপুর জেলার বাসিন্দা। উপসর্গ নিয়ে মারা যাওয়া দুই জন ময়মনসিংহ ও একজনের বাড়ি জামালপুরে।

হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৩ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ জন। আজ সকাল পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি ছিলেন ১৯১ জন। এর মধ্যে ১২ জনকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে— বলেন ডা. মহিউদ্দিন।

জেলা সিভিল সার্জন নজরুল ইসলাম জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ৫৯১টি নমুনা পরীক্ষা করে ১১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৪৬ শতাংশ। এ নিয়ে জেলায় মোট ২০ হাজার ৬৬৫ জনের করোনা শনাক্ত হলো। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৭ হাজার ৪৯৬ জন। এ পর্যন্ত মারা গেছেন ২৬৪ জন। বর্তমানে দুই হাজার ৮১৮ জন হোম আইসোলেশনে রয়েছেন।