মমেক হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় মৃত্যু ১৩

নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিন জন করোনায় আক্রান্ত ছিলেন। বাকিদের করোনার উপসর্গ দেখা দিয়েছিল।

আজ রোববার সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মো. মহিউদ্দিন খান মুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনায় মারা যাওয়া তিন জনের মধ্যে বাড়িই ময়মনসিংহে। উপসর্গ নিয়ে মারা যাওয়া ১০ জনের মধ্যে সাত জন ময়মনসিংহের বাসিন্দা। বাকি দুই জন নেত্রকোণা ও একজন টাঙ্গাইলের বাসিন্দা।

হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ জন। আজ সকাল পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি ছিলেন ২৩৬ জন। এর মধ্যে ১৯ জনকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে— বলেন ডা. মহিউদ্দিন।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ৭০৯টি নমুনা পরীক্ষায় ১১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ০৮ শতাংশ। এ নিয়ে জেলায় মোট ২০ হাজার ১০৩ জন রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৬৭৫ জন।