মমেক হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় মৃত্যু ১৪

নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে আট জন করোনায় আক্রান্ত ছিলেন। বাকিদের করোনার উপসর্গ দেখা দিয়েছিল।

আজ শনিবার সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মো. মহিউদ্দিন খান মুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনায় মারা যাওয়া আট জনের মধ্যে ছয় জনের বাড়ি ময়মনসিংহে। এ ছাড়া, একজন শেরপুর ও একজন জামালপুরের বাসিন্দা। উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয় জনের মধ্যে তিন জন ময়মনসিংহ ও তিন নেত্রকোণার বাসিন্দা।

হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৩ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ জন। আজ সকাল পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি ছিলেন ২৪৭ জন। এর মধ্যে ২২ জনকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে— বলেন ডা. মহিউদ্দিন।