মমেক হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় মৃত্যু ৮
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আট জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিন জন করোনায় আক্রান্ত ছিলেন। বাকিদের করোনা সংক্রমণের উপসর্গ দেখা দিয়েছিল।
আজ শনিবার সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মো. মহিউদ্দিন খান মুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, করোনায় মারা যাওয়া তিন জনই ময়মনসিংহের বাসিন্দা। উপসর্গ নিয়ে মারা যাওয়া চার জনের মধ্যে চার জনের বাড়ি ময়মনসিংহে ও একজনের নেত্রকোণায়।
হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন। আজ সকাল পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি ছিলেন ১৭৪ জন। এর মধ্যে ১৭ জনকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে— বলেন ডা. মহিউদ্দিন।
জেলা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহে ৪১৯টি নমুনা পরীক্ষা করে ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ময়মনসিংহ সদর উপজেলার ১০ জন, নান্দাইলের একজন, ঈশ্বরগঞ্জের একজন, গৌরীপুরের তিন জন, ফুলপুরের তিন জন, হালুয়াঘাট উপজেলার একজন, মুক্তাগাছার চার জন এবং ১৯ জন ভালুকা উপজেলার বাসিন্দা। ময়মনসিংহ জেলায় এ পর্যন্ত মোট ২০ হাজার ৭৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১৭ হাজার ৯০৯ জন।