মমেক হাসপাতালে আজ মৃত্যু ৫, জেলায় শনাক্ত ১২.৪১ শতাংশ
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন করোনায় আক্রান্ত ছিলেন। বাকিদের করোনা সংক্রমণের উপসর্গ দেখা দিয়েছিল।
আজ বুধবার সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মো. মহিউদ্দিন খান মুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, করোনায় ময়মনসিংহের এক বাসিন্দা মারা গেছেন। উপসর্গ নিয়ে মারা যাওয়া চার জনের মধ্যে তিন জন ময়মনসিংহ ও একজন জামালপুরের বাসিন্দা।
হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১১ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন। আজ সকাল পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি ছিলেন ১৪৬ জন। এর মধ্যে ১০ জনকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে— বলেন ডা. মহিউদ্দিন।
ময়মনসিংহের জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ৬১২টি নমুনা পরীক্ষা করে ৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৪১ শতাংশ। এ পর্যন্ত ময়মনসিংহ জেলায় মোট ২১ হাজার ৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১৯ হাজার ৫৪ জন।