মমেক হাসপাতালে ২৪ ঘণ্টায় মৃত্যু ৭, শনাক্ত ১৩.৩৯ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও সাত জনের মৃত্যু হয়েছে।

এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে দুই জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন পাঁচ জন। মৃতদের মধ্যে ময়মনসিংহের বাসিন্দা চার জন, নেত্রকোণার দুই জন এবং জামালপুরের একজন আছেন।

রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পাঁচ জন নারী এবং দুই জন পুরুষ। চলতি আগস্ট মাসে এ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ৪০৭ জনের মৃত্যু হয়েছে। এর আগে, জুলাই মাসে করোনা ও উপসর্গে ৪৮২ জনের মৃত্যু হয়েছিল।

করোনা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিরা হলেন, ময়মনসিংহ সদরের হালিমা খাতুন (৩৫) ও নেত্রকোণা সদরের হোসনে আরা (৬২)।

এ ছাড়াও, ময়মনসিংহ গৌরীপুর উপজেলার নূর হোসেন (৫৫), সাত্তার খান (৫৫), গফরগাঁও উপজেলার শামসুন্নাহার (৮৫), নেত্রকোণার দুর্গাপুর উপজেলার জয়নব বানু (৭০) এবং জামালপুরের ইসলামপুর উপজেলার করিমন (৫২) করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

এসব তথ্য নিশ্চিত করে করোনা ইউনিটের ফোকাল পারসন মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১৬ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৭৫ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিইউতে ১২ জন চিকিৎসাধীন। এ ছাড়া, সুস্থ হয়ে ২৩ জন হাসপাতাল ছেড়ে গেছেন।

ময়মনসিংহের সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৫৪৫টি নমুনা পরীক্ষায় ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৩ দশমিক ৩৯ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২০ হাজার ৯১৬ জন এবং সুস্থ হয়েছেন ১৮ হাজার ৫৯১ জন।