মানিকগঞ্জে মৃত্যু ৮, শনাক্ত ১৭.৮০ শতাংশ 

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ

গত ২৪ ঘণ্টায় মানিকগঞ্জ ২৫০ শয্যা কোভিড ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আট জন। তাদের মধ্যে করোনায় মারা গেছেন ছয় জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন দুজন। একই সময়ে জেলায় ৬৯১টি নমুনা পরীক্ষা করে ১২৩ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ১৭ দশমিক ৮০ শতাংশ।

আজ শনিবার জেলা সিভিল সার্জন কার্যালয় এবং কোভিড ডেডিকেটেড হাসপাতাল কর্তৃপক্ষ এ সব তথ্য নিশ্চিত করেছে।

কোভিড ডেডিকেটেড হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. কাজী এ কে এম রাসেল দ্য ডেইলি স্টারকে বলেন, 'গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আট জন। তাদের মধ্যে করোনায় মারা গেছেন ছয় জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন দুজন। এই হাসপাতালে গত চার দিনে করোনাভাইরাস ও উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৩৬ জন।'

হাসপাতালে আজ সকাল ১১টা পর্যন্ত ৩৩৫ জন ভর্তি ছিলেন উল্লেখ করে তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫৭ জন। তাদের মধ্যে ১৫ জনের কোভিড পজিটিভ এবং ৪২ জন আইসোলেশনে আছেন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. রফিকুন নাহার বন্যা জানান, গত ২৪ ঘণ্টায় মানিকগঞ্জে ৬৯১টি নমুনা পরীক্ষা করে ১২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে মানিকগঞ্জ সদরে আছেন ৭০ জন, হরিরামপুরে ১৫ জন, ঘিওরে ১৩ জন, সিংগাইরে ১০ জন, সাটুরিয়ার ১০ জন, দৌলতপুরে তিন জন এবং শিবালয় উপজেলায় আছেন দুজন।

তিনি আরও জানান, জেলায় এ পর্যন্ত ৩৪ হাজার ৮৬০টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ছয় হাজার ১৫০ জনের। জেলায় এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৯৫ জন।