মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় মৃত্যু ১, শনাক্ত ২৭.৮৮ শতাংশ
মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৬০৬টি নমুনা পরীক্ষা করে ১৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৭ দশমিক ৮৮ শতাংশ। একই সময়ে মানিকগঞ্জ ২৫০ শয্যা কোভিড ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন একজন।
আজ বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন কার্যালয় এবং কোভিড ডেডিকেটেড হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন।
মানিকগঞ্জ ২৫০ শয্যা কোভিড ডেডিকেটেড হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. কাজী একেএম রাসেল দ্য ডেইলি স্টারকে জানান, আজ সকাল ১০টা পর্যন্ত হাসপাতালে ভর্তি আছেন ১৮২ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৫ জন।
এ পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৭৪ জন মারা গেছেন। তাদের মধ্যে করোনায় ৭১ জন এবং উপসর্গ নিয়ে ২০৩ জন মারা গেছেন বলে জানান তিনি।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. রফিকুন নাহার বন্যা দ্য ডেইলি স্টারকে জানান, গত ২৪ ঘণ্টায় মানিকগঞ্জ সদরে ৭৪ জন, হরিরামপুরে ২৯ জন, সিংগাইরে ২৬ জন, শিবালয়ে নয় জন, সাটুরিয়ায় ১৬ জন, দৌলতপুরে ১২ জন ও ঘিওর উপজেলায় তিন জনের করোনা শনাক্ত হয়েছে।
তিনি আরও জানান, জেলায় এ পর্যন্ত ৩৭ হাজার ৮৬৫টি নমুনা পরীক্ষায় ছয় হাজার ৯৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মারা গেছেন ১১৪ জন।