মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় মৃত্যু ৫, শনাক্ত ১৬.৬৬ শতাংশ
মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট কোভিড ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন পাঁচ জন। এদের মধ্যে করোনায় দুই জন এবং উপসর্গে তিন জন। একই সময়ে ৪২০টি নমুনা পরীক্ষায় ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৬৬ শতাংশ।
আজ সোমবার দুপুরে সিভিল সার্জন কার্যালয় এবং কোভিড ডেডিকেটেড হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট কোভিড ডেডিকেটেড হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. কাজী এ কে এম রাসেল বলেন, 'গত ২৪ ঘণ্টায় আমাদের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন পাঁচ জন। এদের মধ্যে করোনায় দুই জন এবং উপসর্গে তিন জন। এ পর্যন্ত আমাদের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ২৯৫ জন। এদের মধ্যে করোনায় ৮৩ জন এবং উপসর্গে ২১২ জন। আজ দুপুর ১২টা পর্যন্ত হাসপাতালে ভর্তি আছেন ১৯০ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৮ জন।'
সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. রফিকুন নাহার বন্যা বলেন, 'গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭০ জনের মধ্যে মানিকগঞ্জ সদরে ২৫ জন, সিংগাইরে ২১ জন, শিবালয়ে ১২ জন, সাটুরিয়ায় পাঁচ জন, ঘিওরে পাঁচ জন, দৌলতপুরে একজন এবং হরিরামপুর উপজেলায় আছেন একজন।'
তিনি আরও বলেন, 'জেলায় এ পর্যন্ত ৩৮ হাজার ৫০৭টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে সাত হাজার ৪৪১ জনের। এরমধ্যে সুস্থ হয়েছেন চার হাজার ৩৬৩ জন। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১১৯ জন।'