মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় মৃত্যু ৮ শনাক্ত ১৯.৮৭ শতাংশ
মানিকগঞ্জে ২৫০ শয্যার কোভিড ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আট জন। তাদের মধ্যে করোনায় তিন জন এবং উপসর্গে পাঁচ জন মারা গেছেন। একই সময়ে ৭৭০টি নমুনা পরীক্ষায় ১৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৮৭ শতাংশ।
আজ রোববার সিভিল সার্জন কার্যালয় ও কোভিড ডেডিকেটেড হাসপাতাল কর্তৃপক্ষ দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছে।
মানিকগঞ্জ ২৫০ শয্যার কোভিড ডেডিকেটেড হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. কাজী একেএম রাসেল ডেইলি স্টারকে বলেন, 'গত ২৪ ঘণ্টায় আমাদের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় তিন জন ও উপসর্গে পাঁচ জন মারা গেছেন।'
তিনি আরও বলেন, 'এই হাসপাতালে গত পাঁচ দিনে করোনা ও উপসর্গে ৪৪ জন মারা গেছেন। প্রতিদিনই মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ছে। আজ সকাল ১১টা পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছেন ৩২৮ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫৯ জন।'
সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. রফিকুন নাহার বন্যা ডেইলি স্টারকে বলেন, 'গত ২৪ ঘণ্টায় মানিকগঞ্জে ৭৭০টি নমুনা পরীক্ষায় ১৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে মানিকগঞ্জ সদরের ৬৪ জন, ঘিওরের ২৯ জন, সাটুরিয়ার ২৮ জন, হরিরামপুরের ১৩ জন, শিবালয়ের ১০ জন ও দৌলতপুর উপজেলার নয় জন রয়েছেন। এ সময়ে সিংগাইরের কেউ শনাক্ত হননি।'
তিনি জানান, জেলায় এ পর্যন্ত ৩৫ হাজার ২৮১টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ছয় হাজার ৩০৩ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন তিন হাজার ৪৯৮ জন এবং এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১০২ জন।