যশোরে ২ ভারতীয়সহ ৩ জনের ওমিক্রন শনাক্ত
যশোরে করোনায় আক্রান্ত তিন জনের জিনোম সিকোয়েন্স করে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। এদের মধ্যে দুই জন ভারতীয় ও এক জন বাংলাদেশি নাগরিক।
আজ বুধবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে ওই তিন জনের নমুনা পরীক্ষা করে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়।
যবিপ্রবির জিনোম সেন্টারের সূত্রগুলো জানায়, ভারতীয় দুই জনের মধ্যে এক জন ৩০ বছরের যুবক ও অন্য জন ৪০ বছরের নারী। বাংলাদেশি যার ওমিক্রন শনাক্ত হয়েছে তিনি ২৫ বছরের যুবক। তিন দিন ধরে তারা ঠান্ডা ও গলা ব্যথায় ভুগছিলেন। যবিপ্রতিতে তারা করোনা পরীক্ষা করাতে গেলে জিনোম সিকোয়েন্স করা হয়।
তবে ভারতীয় ওই দুই নাগরিকের ব্যাপারে জিনোম সেন্টার বিস্তারিত কোনো তথ্য দেয়নি। তাদের সবাইকে যশোর জেনারেল হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে।
জিনোম সেন্টারের গবেষকরা জানান, করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের স্পাইক প্রোটিনে ৩০টিরও বেশি মিউটেশন আছে।
যবিপ্রবি উপাচার্য ড. আনোয়ার হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ওমিক্রন শনাক্ত হওয়া তিন জনের ডেটা জিআইএসএআইডি ডেটাবেজে জমা দেওয়া হয়েছে।