যুক্তরাষ্ট্র থেকে ফাইজারের ২৫ লাখ ডোজ টিকা আসছে কাল: স্বাস্থ্য অধিদপ্তর

স্টার অনলাইন রিপোর্ট

কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্র থেকে ফাইজার বায়োএনটেকের আরও ২৫ লাখ ডোজ টিকা আগামীকাল দেশে এসে পৌঁছাবে। আজ রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে টিকাবাহী ন্যাশনাল এয়ার লাইন্স কার্গো উড়োজাহাজটি রাত সোয়া ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মি. আর্ল আর মিলার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম ও স্বাস্থ্য খাতের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থেকে টিকা গ্রহণ করবেন।

এর আগে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় যুক্তরাষ্ট্রের মাধ্যমে প্রথম দফায় ১ লাখ ৬২০ ডোজ এবং দ্বিতীয় দফায় ১০ লাখ ৩ হাজার ৮৬০ ডোজ টিকা দেশে এসেছে। আগামীকাল আরও ২৫ লাখ ডোজ টিকা এলে ফাইজারের মোট ৩৬ লাখ ৪ হাজার ৪৮০ ডোজ টিকা পাবে বাংলাদেশ।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, কোভ্যাক্স সুবিধার আওতায় আসা ও কেনা ৪ কোটি ৯৪ লাখ ২৯ হাজার ৯৪০ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ২ কোটি ৪১ লাখ ৯৭ হাজার ৫৯৮ জনকে প্রথম ডোজ ও ১ কোটি ৬০ লাখ ৩৩ হাজার ৯৭১ জনকে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়েছে।

এ ছাড়া, চুক্তি অনুযায়ী চলতি মাস থেকেই প্রতি মাসে ২ কোটি ডোজ করে চীনের সিনোফার্মের মোট ৬ কোটি ডোজ টিকা দেশে আসার প্রক্রিয়া চালু আছে। সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে আরও সাড়ে ১০ কোটিসহ মোট ২৪ কোটি ডোজ টিকা কেনার চেষ্টা করছে।