রংপুর বিভাগে করোনায় আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ৯৯
রংপুর বিভাগের আট জেলায় গত ২৪ ঘণ্টায় ৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে করোনা আক্রান্তদের মধ্যে মারা গেছেন চার জন। একই সঙ্গে সুস্থ হয়েছেন ২২৪ জন।
এর আগে শনিবার বিভাগে করোনায় তিন জনের মৃত্যু হয়। করোনা শনাক্ত হয় ৮৫ জনের। এ নিয়ে চলতি মাসের ২৯ দিনে বিভাগে করোনায় ২৬৭ জনের মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে রংপুরের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মোতাহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রংপুর, ঠাকুরগাঁও, লালমনিরহাট ও দিনাজপুর জেলার একজন করে রয়েছেন।
এই সময়ের মধ্যে ৭৮৬ জনের নমুনা পরীক্ষা করে ৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৬০ শতাংশ। এতে রংপুরের ২৭ জন, দিনাজপুরের ২১ জন, ঠাকুরগাঁওয়ের ১৯, নীলফামারীর নয়, লালমনিরহাট সাত, কুড়িগ্রামের ছয়, গাইবান্ধার পাঁচ ও পঞ্চগড় জেলার পাঁচ জন রয়েছেন।
নতুন তিন জনসহ রংপুর বিভাগে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ১৮৭ জনে। এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থানে আছে দিনাজপুর। এ জেলায় সর্বোচ্চ ৩১৮ জন মারা গেছেন। আর দ্বিতীয় সর্বোচ্চ ২৮০ জনের মৃত্যু হয়েছে রংপুরে। জেলা হিসেবে সবচেয়ে কম ৬৩ জন মারা গেছেন লালমনিরহাটে। এ ছাড়া ঠাকুরগাঁওয়ে ২৩৯, নীলফামারীতে ৮৫, পঞ্চগড়ে ৭৫, কুড়িগ্রামে ৬৬ ও গাইবান্ধায় ৬১ জন মারা গেছেন।
গত বছরের মার্চে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে এখন পর্যন্ত বিভাগে মোট ২ লাখ ৫৪ হাজার ৪০৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫২ হাজার ৯১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত বিভাগে সুস্থ হয়েছেন ৪৬ হাজার ৯৭৩ জন।