রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় মৃত্যু ১০, শনাক্তের হার ২৪.৪৮ শতাংশ
রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। বিভাগে এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন ৬৭৩ জন।
এ নিয়ে গত আট দিনে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ১০৪ জন মারা গিয়েছেন।
রোববার দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মোতাহারুল ইসলাম এসব তথ্য জানান।
তিনি জানান, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দিনাজপুরের পাঁচ জন, রংপুরের দুই জনসহ পঞ্চগড়, কুড়িগ্রাম ও ঠাকুরগাঁওয়ের একজন করে আছেন। শনিবারের তুলনায় শনাক্ত চার গুণ বেড়েছে।
এ সময়ে বিভাগে ২৭৪৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে রংপুরের ২৮০ জন, দিনাজপুরের ৭৬ জন, ঠাকুরগাঁওয়ের ৬৪ জন, গাইবান্ধার ৬৪ জন, কুড়িগ্রামের ৬২ জন, নীলফামারীর ৪৬ জন, লালমনিরহাটের ৪০ জন ও পঞ্চগড়ের ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় বিভাগে শনাক্তের হার ২৪ দশমিক ৪৮ শতাংশ।
নতুন করে মারা যাওয়া ১০ জনসহ বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০২৪ জনে। তাদের মধ্যে দিনাজপুরের ২৯৩ জন, রংপুরের ২৩২ জন, ঠাকুরগাঁওয়ের ১৯৭ জন, নীলফামারীর ৭২ জন, পঞ্চগড়ের ৬৪ জন, লালমনিরহাটের ৫৭ জন, কুড়িগ্রামের ৫৭ জন ও গাইবান্ধার ৫২ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৩৭ জন।
করোনাভাইরাস শনাক্তের শুরু থেকে এ পর্যন্ত রংপুর বিভাগে ২ লাখ ২৯ হাজার ৬৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। বিভাগের আট জেলার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে দিনাজপুর, রংপুর ও ঠাকুরগাঁও জেলায়। এছাড়া সীমান্তঘেঁষা জেলাগুলোয় বেড়েছে শনাক্ত ও মৃত্যু।