রামেক করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সাত জন পুরুষ ও সাত জন নারী।

আজ রোববার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, '১৪ জনের মধ্যে চার জন রাজশাহী, দুই জন চাঁপাইনবাবগঞ্জ, পাঁচ জন নাটোর, একজন নওগাঁ, একজন পাবনা ও একজন মেহেরপুরের বাসিন্দা। এদের মধ্যে রাজশাহীর দুই জন, নাটোরে তিন জন, নওগাঁয় একজন ও মেহেরপুরে একজন কোভিড-১৯ পজিটিভ ছিলেন। বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন।'

শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনায় আক্রান্ত ১৭ জনকে শনাক্ত করা হয়েছে। মেডিকেল কলেজ ল্যাবে ২৮৩টি নমুনা পরীক্ষা করে ২৫ জনকে শনাক্ত করা হয়েছে। এরমধ্যে রাজশাহীর ১২৪টি নমুনা পরীক্ষা করে ১১ জন ও চাঁপাইনবাবগঞ্জের ৮৪টি নমুনা পরীক্ষা করে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে, জয়পুরহাটের ৭৫টি নমুনা পরীক্ষা করে কারও করোনা শনাক্ত হয়নি।

পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ১২ দশমিক ৮৪ শতাংশ ও চাঁপাইনবাবগঞ্জে ১৬ দশমিক ৬৬ শতাংশ।

হাসপাতাল সূত্র জানিয়েছে, রামেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৯ জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন ২৫ জন। এর আগে, ৪১৮টি শয্যার বিপরীতে ভর্তি ছিলেন ১৭৬ জন। বর্তমানে মোট ১৬১ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।