রামেক করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিন জন পুরুষ ও দুই জন নারী।

আজ শুক্রবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'পাঁচ জনের মধ্যে দুই জন রাজশাহী, দুই জন চাঁপাইনবাবগঞ্জের ও একজন নওগাঁর বাসিন্দা। এদের মধ্যে তিন জন কোভিড-১৯ পজিটিভ ছিলেন। বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন।'

শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনায় আক্রান্ত ১৭ জনকে শনাক্ত করা হয়েছে। মেডিকেল কলেজ ল্যাবে ৩৬০টি নমুনা পরীক্ষা করে ৪৩ জনকে শনাক্ত করা হয়েছে। এরমধ্যে রাজশাহীর ২০৯টি নমুনা পরীক্ষা করে ২৪ জন ও জয়পুরহাটে ১৫১টি নমুনা পরীক্ষা করে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ১৩ দশমিক ৫৩ শতাংশ ও জয়পুরহাটে ১২ দশমিক ৫৮ শতাংশ।

হাসপাতাল সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২২ জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন ২৫ জন। এর আগে ২৮৬টি শয্যার বিপরীতে ভর্তি ছিলেন ১৪৫ জন। বর্তমানে মোট ১৪০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।