রামেক হাসপাতালের করোনা ইউনিটে আজ মৃত্যু ৫
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই জন পুরুষ ও তিন জন নারী। আজ শনিবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'পাঁচ জনের মধ্যে তিন জন রাজশাহী, একজন নওগাঁ ও একজন পাবনার বাসিন্দা। এদের মধ্যে রাজশাহীর দুই জন কোভিড-১৯ পজিটিভ ছিলেন। বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন।'
শামীম ইয়াজদানী আরও জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনায় আক্রান্ত ১৪ জনকে শনাক্ত করা হয়েছে। মেডিকেল কলেজ ল্যাবে ১০৯টি নমুনা পরীক্ষা করে পাঁচ জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে রাজশাহীর ৯৬টি নমুনা পরীক্ষা করে পাঁচ জনের করোনা শনাক্ত হয়েছে।
পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ১০ শতাংশ।
হাসপাতাল সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪ জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন ১৬ জন। এর আগে ২৮৬টি শয্যার বিপরীতে ভর্তি ছিলেন ১৪০ জন। বর্তমানে মোট ১৪২ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।