রামেক হাসপাতালের করোনা ইউনিটে আজ মৃত্যু ৭
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় সাত জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পাঁচ জন পুরুষ ও দুই জন নারী। আজ বুধবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'সাত জনের মধ্যে তিন জনের বাড়ি রাজশাহীতে। এ ছাড়া, একজন নাটোর, দুই জন নওগাঁ ও একজন কুষ্টিয়ার বাসিন্দা। এদের মধ্যে কুষ্টিয়ার একজন কোভিড-১৯ পজিটিভ ছিলেন। বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন।'
শামীম ইয়াজদানী আরও জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনায় আক্রান্ত ৪২ জনকে শনাক্ত করা হয়েছে। মেডিকেল কলেজ ল্যাবে ৫০৭টি নমুনা পরীক্ষা করে ৮১ জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে রাজশাহীর ১৩৯টি নমুনা পরীক্ষা করে ১৬ জন, নাটোরের ১৩৫টি নমুনা পরীক্ষা করে ১৬ জন, পাবনার ২০০টি নমুনা পরীক্ষা করে ৪৪ জন ও চাঁপাইনবাবগঞ্জের ৩৩টি নমুনা পরীক্ষা করে পাঁচ জনের করোনা শনাক্ত হয়েছে।
পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ১৭ দশমিক ৭৪ শতাংশ, নাটোরে ১১ দশমিক ৮৫ শতাংশ, পাবনায় ২২ শতাংশ ও চাঁপাইনবাবগঞ্জে ১৫ দশমিক ১৫ শতাংশ।
হাসপাতাল সূত্র জানিয়েছে, রামেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৭ জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন ৩৫ জন। এর আগে ৫১৩টি শয্যার বিপরীতে ভর্তি ছিলেন ২২১ জন। বর্তমানে মোট ২০৯ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।