রামেক হাসপাতালের করোনা ইউনিটে আজ মৃত্যু ৭

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় সাত জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পাঁচ জন পুরুষ ও দুই জন নারী। আজ বহস্পতিবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'সাত জনের মধ্যে তিন জন রাজশাহী, একজন নাটোর, একজন নওগাঁ ও দুই জন কুষ্টিয়ার বাসিন্দা। এদের মধ্যে দুই জন কোভিড-১৯ পজিটিভ ছিলেন। বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন।'

শামীম ইয়াজদানী আরও জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ১৪৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনায় আক্রান্ত ২৮ জনকে শনাক্ত করা হয়েছে। মেডিকেল কলেজ ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করে ২৪ জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে রাজশাহীর ১১১টি নমুনা পরীক্ষা করে ১১ জন, নাটোরের ৭৬টি নমুনা পরীক্ষা করে ১২ জন ও চাঁপাইনবাবগঞ্জের একটি নমুনা পরীক্ষা করে একজনের করোনা শনাক্ত হয়েছে।

পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ১৫ দশমিক ১৮ শতাংশ, নাটোরে ১৫ দশমিক ৭৮ শতাংশ ও চাঁপাইনবাবগঞ্জে শতভাগ শনাক্ত হয়েছে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৩ জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন ১৭ জন। এর আগে ২৮৬টি শয্যার বিপরীতে ভর্তি ছিলেন ১৪৫ জন। বর্তমানে মোট ১৪৫ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।