রামেক হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় মৃত্যু কমে ৪

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় চার জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া চার জনই পুরুষ। আজ শুক্রবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'চার জনের মধ্যে দুই জন রাজশাহী, একজন চাঁপাইনবাবগঞ্জ ও একজন কুষ্টিয়ার বাসিন্দা। এদের মধ্যে রাজশাহীর দুই জন কোভিড-১৯ পজিটিভ ছিলেন। বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন।'

শামীম ইয়াজদানী আরও জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনায় আক্রান্ত ৩২ জনকে শনাক্ত করা হয়েছে। মেডিকেল কলেজ ল্যাবে ৩৭৩টি নমুনা পরীক্ষা করে ৫১ জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে রাজশাহীর ১৫৩টি নমুনা পরীক্ষা করে ১৫ জন, নাটোরের ১৩৮টি নমুনা পরীক্ষা করে ২৪ জন, পাবনার ৪২টি নমুনা পরীক্ষা করে পাঁচ জন ও চাঁপাইনবাবগঞ্জের ৩৪টি নমুনা পরীক্ষা করে সাত জনের করোনা শনাক্ত হয়েছে।

পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ১৯ দশমিক ০২ শতাংশ, নাটোরে ১৭ দশমিক ৩৯ শতাংশ, পাবনায় ১১ দশমিক ৯০ শতাংশ ও চাঁপাইনবাবগঞ্জে ২০ দশমিক ৫৮ শতাংশ।

হাসপাতাল সূত্র জানিয়েছে, রামেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩০ জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন ২৯ জন। এর আগে ৪১৮টি শয্যার বিপরীতে ভর্তি ছিলেন ১৯০ জন। বর্তমানে মোট ১৯২ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।