রামেক হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় মৃত্যু ১০

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পাঁচ জন পুরুষ ও পাঁচ জন নারী। আজ রোববার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, '২৪ ঘণ্টার ব্যবধানে আজ মৃত্যু দ্বিগুণ হয়েছে। গতকাল পাঁচ জনের মৃত্যু হয়েছিল। আজ মারা গেছেন ১০ জন। এদের মধ্যে চার জন রাজশাহী, তিন জন চাঁপাইনবাবগঞ্জ, একজন নাটোর, একজন নওগাঁ ও একজন কুষ্টিয়ার বাসিন্দা। এদের মধ্যে ছয় জন কোভিড-১৯ পজিটিভ ছিলেন। বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন।'

শামীম ইয়াজদানী আরও জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনায় আক্রান্ত ১৩ জনকে শনাক্ত করা হয়েছে। মেডিকেল কলেজ ল্যাবে ৩২০টি নমুনা পরীক্ষা করে ২৯ জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে রাজশাহীর ২১৪টি নমুনা পরীক্ষা করে ২৫ ও চাঁপাইনবাবগঞ্জের ১০৬টি নমুনা পরীক্ষা করে চার জনের করোনা শনাক্ত হয়েছে।

পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার নয় দশমিক ৪৫ শতাংশ ও চাঁপাইনবাবগঞ্জে তিন দশমিক ৭৭ শতাংশ।

হাসপাতাল সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৭ জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন ২৪ জন। এর আগে ২৮৬টি শয্যার বিপরীতে ভর্তি ছিলেন ১৪২ জন। বর্তমানে মোট ১৪৫ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।