রামেক হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় মৃত্যু ৯

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় নয় জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিন জন পুরুষ ও ছয় জন নারী। আজ বুধবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'নয় জনের মধ্যে চার জনের বাড়ি রাজশাহীতে, দুই জন নাটোর, দুই জন নওগাঁ ও একজন মেহেরপুরের বাসিন্দা। এদের মধ্যে চার জন কোভিড-১৯ পজিটিভ ছিলেন। বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন। করোনায় মারা যাওয়া চার জনের মধ্যে তিন জন রাজশাহী ও একজন মেহেরপুরের বাসিন্দা।'

শামীম ইয়াজদানী আরও জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ১৩৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনায় আক্রান্ত ৩৮ জনকে শনাক্ত করা হয়েছে। মেডিকেল কলেজ ল্যাবে ৪৬৬টি নমুনা পরীক্ষা করে ৬৭ জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে রাজশাহীর ২৪৮টি নমুনা পরীক্ষা করে ২৫ জন, জয়পুরহাটের ১০২টি নমুনা পরীক্ষা করে ১৬ জন ও চাঁপাইনবাবগঞ্জের ১১৬টি নমুনা পরীক্ষা করে ৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ১৬ দশমিক ৪৪ শতাংশ, জয়পুরহাটে ১৫ দশমিক ৭৯ শতাংশ ও চাঁপাইনবাবগঞ্জে ১৩ দশমিক ৭৯ শতাংশ।

হাসপাতাল সূত্র জানিয়েছে, রামেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন ৩২ জন। এর আগে ৫১৩টি শয্যার বিপরীতে ভর্তি ছিলেন ২৮৯ জন। বর্তমানে মোট ২৬১ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।