চট্টগ্রামে ২৪ ঘণ্টার ব্যবধানে শিশুসহ ২ ডেঙ্গু রোগীর মৃত্যু
চট্টগ্রামে ২৪ ঘণ্টার ব্যবধানে শিশুসহ ২ ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। বন্দর নগরীর মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী দ্য ডেইলি স্টারকে জানান, মৃতরা হলেন সীতাকুণ্ড উপজেলার গাউছিয়া তৈয়বিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক সাদ্দাম হোসেন আল কাদরী (৩৫) ও বায়েজিদ বোস্তামি এলাকার বাসিন্দা সাবিনা মিরাজ (৪)।
হাসপাতালের শিশুরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফাহিম হাসান রেজা ডেইলি স্টারকে জানান, গতকাল বুধবার আনুমানিক রাত সাড়ে ৮টায় সাদ্দাম ও গত মঙ্গলবার সাবিনার মৃত্যু হয়।
তারা ডেঙ্গু সংক্রান্ত প্রদাহে ভুগছিলেন এবং ২ জনেরই প্ল্যাটেলেটের সংখ্যা আশংকাজনক হারে কমে গিয়েছিল, যোগ করেন তিনি।
ফাহিম বলেন, 'সাবিনাকে তার মৃত্যুর ২ দিন আগে পর্যন্ত নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়। প্রায় ১ সপ্তাহ আগে জ্বর হওয়ায় সাদ্দামকে প্রথমে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিকাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস হাসপাতালে ভর্তি করা হয়। স্বাস্থ্যের অবনতি হলে তাকে গত সোমবার আমাদের হাসপাতালে স্থানান্তর করা হয়।'
সিভিল সার্জন ইলিয়াসের কাছে চট্টগ্রামের হাসপাতালগুলোয় গত ২৪ ঘণ্টায় কতজন ডেঙ্গু সন্দেহে ভর্তি হয়েছেন তা জানতে চাওয়া হলে তিনি তাৎক্ষণিকভাবে সংখ্যাটি জানাতে পারেননি।